Sylhet Today 24 PRINT

ফরিদপুরে খাল থেকে হলুদ রঙের কচ্ছপ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০২১

ফরিদপুরে হলুদ রঙের বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার অম্বিকাপুর এলাকার বিশ্বাস খাল থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে ফরিদপুর জেলা সামাজিক বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে। বর্তমানে কচ্ছপটি ফরিদপুর সদরের গঙ্গাবর্দীতে বন বিভাগের জলাধারে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার নদীসংলগ্ন একটি খালে বন্যার পানিতে জাল ফেলে মাছ ধরছিলেন অম্বিকাপুর গ্রামের রিয়াদ নামের এক যুবক। একপর্যায়ে তার জালে হলুদ রঙের ওই কচ্ছপটি ধরা পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী বলেন, কচ্ছপটি একেবারেই নতুন প্রজাতির। এটি হলুদ রঙের। কচ্ছপটির ওজন আনুমানিক দেড় কেজি এবং ব্যাসার্ধ ৮ ইঞ্চি।

বাগেরহাটের সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবীর হাওলাদার বলেন, এটি সুন্ধিজাতীয় কচ্ছপ হয়ে থাকতে পারে।

এর আগে ভারতের পশ্চিমবঙ্গে একটি পুকুর থেকে হলুদ রঙের কচ্ছপ উদ্ধার হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.