Sylhet Today 24 PRINT

পরীমণির জন্যে বিনা পয়সায় লড়বেন সুপ্রিম কোর্টের আইনজীবী

নিজস্ব প্রতিবেদক |  ২৩ আগস্ট, ২০২১

চিত্রনায়িকা পরীমণিকে মুক্ত করতে উচ্চ আদালতে বিনা পয়সায় আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না। তার সঙ্গে থাকবেন সুপ্রিম কোর্টের একদল আইনজীবী।

সামাজিক যোগাযগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জেড আই খান পান্না লিখেন, পরীমণির মামলা বিনা পারিশ্রমিকে করার সিদ্ধান্ত নিয়েছি। যারা সঙ্গে থাকতে চান থাকবেন।

পরে তিনি গণমাধ্যমকে বলেন, পরীমণির পক্ষে বিনা পয়সায় আইনি লড়াই করব। আমার সঙ্গে একদল আইনজীবী থাকবেন। আইনজীবী দলে রয়েছেন- অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, মাহরিন মাসুদ ভূইয়া, আয়েশা আক্তার, রোহানী সিদ্দিকা, রোহানী ফারুক খান, দেবাজিৎ দেবনাথ, মশিউর রহমান রিয়াদ, মানিবেন্দ্র রায় মন্ডল, নাজমুস সাকিব, ইয়াসমিন ইতি প্রমুখ আইনজীবী।

উল্লেখ্য, গত ৪ আগস্ট অভিনেত্রী পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। সাড়ে চার ঘণ্টার অভিযানে সেখান থেকে মদ, আইসসহ মাদক উদ্ধারের তথ্য জানানো হয়। এরপর তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পরীমণির গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে দেশের বিশিষ্টজনেরা তার মুক্তির দাবি জানিয়ে আসছেন। পরীমণি অন্যায়ের শিকার বলে অভিযোগ করা হচ্ছে। তার মুক্তির দাবিতে রাজধানীতে একাধিক কর্মসূচিও পালিত হয়েছে।

সিএমএম কোর্টে একাধিকবার জামিনের আবেদন করলেও সেখান থেকে সাড়া মেলেনি। এই মামলার তদন্ত করছে সিআইডি, তারা তিন দফা রিমান্ডে নিয়েছে এই অভিনেত্রীকে। সিএমএম কোর্টে জামিন না পেয়ে পরীমণির আইনজীবীরা জজ কোর্টে জামিনের আবেদন করেছেন। আদালত আবেদন গ্রহণ করে আগামী ১৩ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছে। মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ১৫ সেপ্টেম্বর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.