Sylhet Today 24 PRINT

জাপানি ২ শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০২১

জাপানি দুই শিশুকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে উন্নত পরিবেশে রাখার নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এতে বলা হয়, ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকাকালীন প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাপানি মা ও বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশি বাবা শিশুদের সঙ্গে সময় কাটাতে পারবেন।

এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক শরীফ ইমরানের জিম্মায় থাকা দুই শিশু সন্তানকে সিআইডি উদ্ধারের পর আজ সোমবার দুপুরে তাদের হাই কোর্টে হাজির করা হয়। শুনানি শেষে আদালত দুই মেয়েকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানোর নির্দেশ দেন।

ছয় মাস আগে তাদেরকে জাপান থেকে বাংলাদেশে নিয়ে এসেছে এরিকোর স্বামী ইমরান শরিফ। সন্তানেরা কার সঙ্গে থাকবেন সেই মীমাংসা দিতে ৩১শে আগস্ট দিন ধার্য করে আদালত। এরইমধ্যে, রোববার রাতে ইমরান শরিফ, তার দুই কন্যা ও ইমরানের বোন সুরমাকে উদ্ধান করে সিআইডি।

এর আগে গত ১৯ আগস্ট বাংলাদেশি বংশদ্ভূত আমেরিকান নাগরিক শরীফ ইমরানের জিম্মায় থাকা দুই শিশু সন্তানকে আগামী ৩১ আগস্ট হাজির করার নির্দেশ দিয়েছিলেন হাই কোর্ট। একইসঙ্গে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। শিশুদের মা জাপানি নাগরিক নাকানো এরিকোর করা রিটের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.