Sylhet Today 24 PRINT

শোক দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবিনার

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০২১

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শুধু রাজনৈতিক স্বাধীনতার কথাই বলেননি, তিনি অর্থনৈতিক স্বাধীনতার জন্য আর্থিক খাতকে একটি শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন। কৃষি ব্যাংক, বীমা শিল্প, ক্ষুদ্র ঋণ চালু করে বঙ্গবন্ধু আর্থিক খাতে আমূল পরিবর্তন করে গেছেন।

সোমবার (২৩ আগস্ট) বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক আয়োজিত ‘বঙ্গবন্ধুর চেতনায় ব্যাংকিং সেবা’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব(প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান) ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে উক্ত ওয়েবিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধুর একান্ত সচিব ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন। এতে স্বাগত বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক।

ওয়েবিনারে মুখ্য আলোচক প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়। কিন্তু তার আগে ১৯২০ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের মাধ্যমে স্বাধীনতার বীজ রোপণ হয়। বঙ্গবন্ধু অনুধাবন করলেন- অর্থনীতি একমুহূর্তও চলবে না, যদি ব্যাংকিং সেবা না থাকে। তাই তিনি তফসিলি ব্যাংকের মধ্য থেকে ৬টি ব্যাংক সরকারীকরণ করলেন এবং ব্যাংক ৬টির নাম দিলেন সোনালি, অগ্রণী, জনতা,
রূপালী, উত্তরা ও পূবালী। বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বিশ্বদরবারে উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে পরিচিত করে দেশকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব (প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান) ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, আমরা বঙ্গবন্ধুকে স্মরণ
করছি-তিনি বাঙালি জাতির পিতা শুধু সেই কারণেই নয়, অনেকগুলো মূল্যবোধ ও চেতনার কারণে। তিনি ছিলেন মানবতার মানুষ। বঙ্গবন্ধু সর্বদা ভাবতেন মানুষের মঙ্গল কিভাবে করা যায়। তিনি আরও বলেন, আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করি ও সেবা প্রদান করি তাহলে বঙ্গবন্ধুর চেতনা বাস্তবায়ন করা হবে। প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বঙ্গবন্ধুর চেতনায় প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম পরিচালনার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক বলেন, বঙ্গবন্ধুর চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে প্রবাসীদের কল্যাণ সাধনের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে প্রবাসী কল্যাণ ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানে প্রত্যক্ষ ভূমিকা পালন করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.