Sylhet Today 24 PRINT

প্রদীপের নির্দেশে গুলি করেন লিয়াকত

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০২১

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

সোমবার প্রথম দিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী ও নিহতের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

তিনি বলেছেন, কক্সবাজার টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের নির্দেশে বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে সিনহা নির্মমভাবে নিহত হয়েছেন।

আসামি প্রদীপ কুমার ও লিয়াকত আলীর আইনজীবী রানা দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, এ মামলায় অভিযোগ গঠন হলেও আমরা এখনও এর নকল কপি পাইনি। অভিযোগে কী বলা হয়েছে, তা না জেনে সাক্ষীদের জেরা করা সঠিক হবে না বলে আদালতকে জানিয়েছি। আদালত মঙ্গলবার সাক্ষীদের জেরা করার পরামর্শ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর দাবি করেন, মামলার স্বাভাবিক বিচারিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে আসামি পক্ষ। তিনি বলেন, আসামি পক্ষ ১১টি দরখাস্ত দিয়েছে। সবগুলোর সারবস্তু হলো মূল আসামির মামলা স্থগিত করা। মামলার এক নম্বর সাক্ষী বাদীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। জেরা চলছে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল আলম, অতিরিক্ত পিপি মোজাফফর আহমদ, এপিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমদ বাদী শারমিনের সাক্ষ্য গ্রহণ করেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। মঙ্গলবারও বাদীকে জেরা করা হবে বলে আসামি পক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত জানিয়েছেন।

২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। পরে তার বোন শারমিন বাদী হয়ে ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। আদালত থেকে মামলাটির তদন্তভার দেওয়া হয় র‌্যাবকে। চার মাসের বেশি সময় তদন্ত শেষে গত বছরের ডিসেম্বরে অভিযোগপত্র দাখিল করেন র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। এতে ১৫ জনকে আসামি করা হয়। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি 'পরিকল্পিত ঘটনা' হিসেবে উল্লেখ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.