Sylhet Today 24 PRINT

এডিটরস গিল্ডের পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি বাবু, সম্পাদক ইনাম

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০২১

মোজাম্মেল বাবু ও ইনাম আহমেদ

আগামী দুই বছরের জন্যে এডিটরস গিল্ড বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দি বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ।

রোববার (২২ আগস্ট) এডিটরস গিল্ডের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পরবর্তী দুই বছরের জন্য এ কমিটি নির্বাচিত হয়। সোমবার (২৩ আগস্ট) সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জুলফিকার রাসেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন সিনিয়র সাংবাদিক তোয়াব খান, দৈনিক জাগরণ সম্পাদক আবেদ খান, আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান ও দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন।

কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক সংবাদ সম্পাদক আলতামাশ কবির, ডিবিসি টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, আমাদের অর্থনীতি’র প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান, ডট ম্যাগাজিনের সম্পাদক মুস্তাফা খালীদ পলাশ, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ জার্নাল সম্পাদক শাহজাহান সরদার, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, নিউজবাংলা সম্পাদক স্বদেশ রায় এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

গাজী টিভি’র প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা ও দেশ টিভি সম্পাদক সুকান্ত গুপ্ত অলক যুগ্ম সম্পাদক, বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল সাংগঠনিক সম্পাদক, এশিয়ান এইজের এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান শোয়েব চৌধুরী কোষাধ্যক্ষ এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি’র এডিটর ইন চিফ এম শামসুর রহমান, এনার্জি অ্যান্ড পাওয়ার সম্পাদক মোল্লাহ এম আমজাদ হোসেন, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, আমাদের নতুন সময় সম্পাদক নাসিমা খান মন্টি, মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান রেজোয়ানুল হক রাজা, বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরিফ সাহাব উদ্দীন ও এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

২০১৯ সালের ৪ জানুয়ারি থেকে এডিটরস গিল্ডের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। এরপর ২০২০ সালের মার্চে মোজাম্মেল বাবুকে সভাপতি নির্বাচিত করা হলেও করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে তখন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি।

২০১৮ সালের ডিসেম্বরে সব ধরনের সংবাদ মাধ্যমের সম্পাদক অথবা প্রযোজ্য ক্ষেত্রে সম্পাদকীয় প্রধানদের নিয়ে এডিটরস গিল্ড বাংলাদেশ গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.