Sylhet Today 24 PRINT

সরকারি কর্মচারীদের পারিবারিক কাজে লাগাচ্ছেন সচিব

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০২১

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ

রওনক মাহমুদ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তার মা। রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন তার মায়ের সেবার জন্যে এক উপসচিবসহ ২৪ কর্মকর্তা-কর্মচারী নির্দেশনা দেওয়ার এক অভিযোগ ওঠেছে। এজন্যে তাদের লিখিত নির্দেশনা দিয়ে তিন দিনের জন্য চার শিফটে দায়িত্ব ভাগ করে দেওয়াও হয়েছে।

চ্যানেল টোয়েন্টিফোরে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য ওঠে আসে। তবে সচিব রওনক মাহমুদ বিষয়টি অস্বীকার করেছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনানুযায়ী এই দায়িত্বের সমন্বয়কারী হিসেবে থাকা তার পিএসও বিষয়টি অস্বীকার করেছেন।

প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, রওনক মাহমুদের মায়ের সেবায় নিয়োজিত রয়েছেন এক উপসচিবসহ ২৪ কর্মকর্তা-কর্মচারী। তাদের নির্দেশনা দিয়ে তিন দিনের জন্য চার শিফটে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ২৪ কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব সমন্বয় করছেন সচিবের একান্ত সচিব আজিজুল ইসলাম।

সচিবের পিএস আজিজুল ইসলাম বলেন, ‘তালিকার (২৪ জনের দায়িত্ব পালন সংক্রান্ত) বিষয়ে আমি কিছুই জানি না। সচিব স্যার ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন, এরপর আমার আর বলার কিছু থাকে না।’

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সচিবের মায়ের সার্বিক অবস্থা সার্বক্ষণিক জানাতে হবে পিএসকে, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ, টেস্ট করানোর ও তা দ্রুত সংগ্রহ করা এবং হোয়াটসঅ্যাপে সচিবের পিএসকে রিপোর্টের কপি পাঠাতে হবে। স্বাস্থ্যবিধি মেনে থাকতে হবে রোগীর কাছাকাছি, রোগীর এটেন্ডেনের কাছে জানান দিতে হবে কর্মকর্তাদের উপস্থিতি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সোমবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মো. ইলিয়াস হোসেন ও অফিস সহায়ক মো. জাহিদুল ইসলাম, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আসলামুল আলাম, ট্রেইনি সহকারী মো. সানোয়ার হোসেন, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রাণিসম্পদ অধিদফতরের (ডিএলএস) অ্যানিমেল প্রোডাকশন অফিসার আলী রেজা আহমেদ ও ল্যাব টেকনেশিয়ান বিভূ চন্দ, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মৎস্য অধিদফতরের (ডিওএফ) বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান ও ট্রেইনি সহকারী সানোয়ার হোসেন দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিওএফের পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা মো. রাশেদ পাভেজ এবং অফিস সহায়ক মো. নাজির হোসেন পারভেজ, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএলআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আসলামুল আলাম, ট্রেইনি সহকারী মো. সানোয়ার হোসেন, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রোগ্রামার নূর মোহাম্মদ ও অফিস সহায়ক মো. আব্দুল কাদের, রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএলএসের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফারুক মিয়া ও ল্যাব টেকনেশিয়ান মো. শহিদ উল্যাহ দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপ-সচিব পুলকেশ মন্ডল ও ট্রেইনি সহকারী জগদীশ চন্দ্র দাস, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএলআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আসলামুল আলাম ও ট্রেইনি সহকারী মো. সানোয়ার হোসেন, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ডিওএফের পরিবীক্ষণ ও মূল্যায়ণ কর্মকর্তা মো. সামছুল আলম পাটওয়ারী ও অফিস সহায়ক মো. মফিজ হোসেন, রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিএলএসের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এসএম নিয়াজ মোর্শেদ ও ল্যাব টেকনেশিয়ান জিএম শাহিনুর ইসলাম দায়িত্ব পালন করবেন।

তবে এ সংক্রান্ত লিখিত কোনো নির্দেশনা দেননি বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ। তিনি বলেন, ‌‘আমার মায়ের বয়স ৯৫ বছর। আমার অসুস্থ মাকে অফিসের লোকজন দেখতে যাচ্ছে- সেটি নিয়েও আপনারা নিউজ করছেন। এখন কী করা যাবে?’

তিনি আরও বলেন, ‘লিখিত কোনো নির্দেশনা দেইনি- এটা বললে আপনারা বলবেন আমি অস্বীকার করছি। ফলে এ বিষয়ে আমাকে আর জিজ্ঞেস করার দরকার নেই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.