Sylhet Today 24 PRINT

সচিবের মায়ের চিকিৎসা বিষয়ে মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করা হয়নি: মন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০২১

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের মায়ের চিকিৎসায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব বণ্টন বিষয়ক কোন চিঠি মন্ত্রণালয় থেকে ইস্যু করা হয়নি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম।

মঙ্গলবার (২৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সচিব রওনক মাহমুদের মা করোনা আক্রান্ত হয়ে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন। সচিবের মায়ের চিকিৎসা সংক্রান্ত ইস্যুতে হাসপাতালে ২৪ জন কর্মকর্তা-কর্মচারীকে লিখিতভাবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে একটি বেসরকারি টেলিভিশনে প্রতিবেদন প্রকাশ হয়। এরপর এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়।

খবরে জানানো হয়, সচিবের একান্ত সচিব (পিএস) আজিজুল ইসলাম এই ২৪ কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব সমন্বয় করছেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন সচিবের পিএস। সচিবও বিষয়টি অস্বীকার করেছেন।

এর আগে সোমবার বেসরকারি একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, রওনক মাহমুদের মায়ের সেবায় নিয়োজিত রয়েছেন এক উপ-সচিবসহ ২৪ কর্মকর্তা-কর্মচারী। তাদের লিখিত নির্দেশনা দিয়ে তিন দিনের জন্য চার শিফটে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এসব কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব সমন্বয় করছেন সচিবের পিএস।

নির্দেশনায় বলা হয়, সচিবের মায়ের সার্বিক অবস্থা সার্বক্ষণিক জানাতে হবে পিএসকে, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ, টেস্ট করানোর ও তা দ্রুত সংগ্রহ করা এবং হোয়াটসঅ্যাপে সচিবের পিএসকে রিপোর্টের কপি পাঠাতে হবে। স্বাস্থ্যবিধি মেনে থাকতে হবে রোগীর কাছাকাছি, রোগীর এটেন্ডেন্টের কাছে জানান দিতে হবে কর্মকর্তাদের উপস্থিতি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.