Sylhet Today 24 PRINT

আসছে ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০২১

আমেরিকার উপহারের ফাইজার-বায়োএনটেকের ১০ লাখ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন আগামী ৩০ আগস্ট দেশে আসছে। টিকা বিতরণের বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় এসব টিকা আসবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

এর আগে গত ৩১ মে কোভ্যাক্স থেকে ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা দেশে পৌঁছায়। ওইদিন রাত ১১টা ১৫ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটে টিকাগুলো দেশে পৌঁছে।

মাইদুল ইসলাম প্রধান জানান, আগামী ৩০ আগস্ট সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের মাধ্যমে আমেরিকার উপহার কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আমেরিকার রাষ্ট্রদূত আর. মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

এর আগে গতকাল দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, সেপ্টেম্বরেই আমেরিকা থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন পাওয়া যাবে। সেই ভ্যাকসিনের অংশ হিসেবে ৩০ আগস্ট ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.