Sylhet Today 24 PRINT

নঈম নিজামের পদত্যাগপত্র গ্রহণ, অভিযোগ প্রত্যাখ্যান

সম্পাদক পরিষদ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০২১

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সম্পাদক পরিষদ।

বুধবার (২৫ আগস্ট) দ্য ডেইলি স্টার সেন্টারে পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পাদক পরিষদ এ সংক্রান্ত একটি বিবৃতি পাঠিয়েছে গণমাধ্যমে।

বিবৃতিতে বলা হয়, সম্পাদক পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। দেওয়ান হানিফ মাহমুদ দৈনিক বণিক বার্তার সম্পাদক।

জানা গেছে, পরিষদের সভায় সম্পাদক পরিষদ ও পরিষদের সভাপতির বিরুদ্ধে নঈম নিজামের আনা বিভিন্ন অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। পাশাপাশি সংগঠনের প্রতিটি সিদ্ধান্ত সবার ঐক্যমত্যের ভিত্তিতে করা হয় বলে সভায় পুনর্ব্যক্ত করা হয়। পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, নঈম নিজামকে সভায় আনার চেষ্টা করা হয়েছিল তবে তা সম্ভব হয়নি‌।

সম্পাদক পরিষদের বিবৃতিতে স্বাক্ষর করেছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দ্য ফাইনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজ উদ্দীন আহমদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শাহ হোসেন ইমাম, দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব, নিউ এজের সম্পাদক নূরুল কবীর, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক করোতোয়ার সম্পাদক মো. মোজাম্মেল হক, দ্য ইনডিপেনডেন্টের সম্পাদক এম শামসুর রহমান, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান এবং সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.