Sylhet Today 24 PRINT

ক্রেডিট কার্ডে করোনাকালীন সুবিধা প্রত্যাহার

সিলেটটুডে ডেস্ক |  ২৬ আগস্ট, ২০২১

করোনাভাইরাস মহামারির কারণে বিধিনিষেধের সময় ক্রেডিট কার্ডের বিল পরিশোধে ছাড় দেওয়া হয়েছিল। সেটি এবার বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। এতে করে ক্রেডিট কার্ডে নির্ধারিত সময়ের পর বিল পরিশোধে জরিমানা গুনতে হবে গ্রাহকদের।

বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়।

নির্দেশনায় আরও বলা হয়, কোনো গ্রাহক যদি নির্ধারিত সময়ের মধ্যে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করেন, তাহলে অপরিশোধিত বিলের ওপর সুদ বা মুনাফা আরোপ হবে নির্ধারিত সময় শেষ হওয়ার পর দিন থেকেই। এ ক্ষেত্রে কোনোভাবেই লেনদেনের তারিখ থেকে সুদ আরোপ করা যাবে না। বিলম্বে পরিশোধিত কোনো বিলের বিপরীতে বিলম্ব ফি একবারের বেশি আদায় করা যাবে না।

করোনার কারণে সরকারের আরোপ করা বিধিনিষেধের সময় ক্রেডিট কার্ডের বিল পরিশোধ না করলেও বিলম্ব মাশুল আরোপে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিল পরিশোধের মেয়াদ, বিলম্ব মাশুল ও সুদসংক্রান্ত বিশেষ সুবিধার নির্দেশনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.