Sylhet Today 24 PRINT

রাজধানীতে দুর্ঘটনায় আহত ৫ অভিনয়শিল্পী

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০২১

অভিনয়শিল্পী খায়রুল বাশার, নাফিজা তুষি, শরিফুল রাজ ও জোনায়েদ বোগদাদি

রাজধানীর গুলশানে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রের চার অভিনয়শিল্পীসহ পাঁচজন; তাদের দুজনকে আইসিইউতে রাখা হয়েছে। তাদের অবস্থার উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে দুর্ঘটনাটি ঘটে। শিল্পীদের বহন করা ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে গাড়ির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।

আহতদের তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত অভিনয়শিল্পীরা হলেন, শরিফুল রাজ, নাজিফা তুষি, খায়রুল বাশার এবং জোনায়েদ বোগদাদী। এ ছাড়া ওই গাড়িতে শরিফুল রাজের বন্ধু নাফিজও ছিলেন।

আহত শিল্পীরা সম্প্রতি চরকিতে প্রদর্শিত ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। দর্শকপ্রিয়তা পাওয়া চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।

জানা গেছে, গাড়িতে থাকা ৫ জনের তিনজন সামান্য আঘাত পেয়েছেন। জোনায়েদ বোগদাদি ও নাফিজকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বরতরা বলছেন, দুজনের অবস্থার উন্নতি হয়েছে। দুজনেরই জ্ঞান আছে। কথা বলতে পারছেন।

গুলশান থানার ওসি আবুল হাসান জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.