Sylhet Today 24 PRINT

জয়পুরহাটে বিচারককে তালেবান পরিচয়ে চিঠি দিয়ে হুমকি

সিলেটটুডে ডেস্ক: |  ২৭ আগস্ট, ২০২১

জয়পুরহাট জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে ‘তালেবান গোষ্ঠীর বীর যোদ্ধা’ পরিচয়ে ডাকযোগে চিঠির মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে। চিঠিতে আফগানিস্তানের মতো শিগগিরই বাংলাদেশও দখল হবে বলে হুমকি দেওয়া হয়।

ওই চিঠিতে আরও বলা হয়েছে, ‘আদালতের সবাইকে তালেবান পাগড়ি পরতে হবে। না পরলে আদালতে যেতে দেওয়া হবে না। হামলার শিকার হতে হবে।’ বৃহস্পতিবার বিকালে ওই আদালতের বিচারক জেলা পুলিশ সুপারকে এই হুমকির কথা জানান।

চিঠির মাধ্যমে হুমকির অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা বলেন, ‘এই চিঠি কে বা কারা, কী উদ্দেশে পাঠিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জেলায় বিচারকদের নিরাপত্তা ব্যবস্থা জোরালো করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’

চিঠিটির খামে প্রেরকের ঠিকানায় ‘মো. আশরাফ আলী, দুর্গাদহ, ভাদসা, সদর, জয়পুরহাট’ লেখা রয়েছে। এতে বলা হয়, ‘আফগানিস্তানের মতো শিগগিরই বাংলাদেশ দখল হবে। বিচার হবে কোরআন-সুন্নাহ অনুযায়ী। প্রতিটি গ্রামেই বিচার হবে। এজন্য সরদার নিয়োগ হবে।’

এ ব্যাপারে জয়পুরহাট জজ আদালতের সরকারি কৌঁসুলি ও জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, ‘জয়পুরহাট জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জজ) মো. রস্তম আলীকে ‘তালেবান গোষ্ঠীর বীর যোদ্ধা’ পরিচয়ে ডাকযোগে একটি চিঠি পাঠানো হয়েছে। রস্তম আলী বৃহস্পতিবার বিকালে চিঠিটি হাতে পেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘যারা বাংলাদেশকে তালেবান রাষ্ট্র করার চিন্তাভাবনা করছে তারা দুঃস্বপ্ন দেখছে। যতই চেষ্টা ও ষড়যন্ত্র করুক না কেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে কেউ ধ্বংস করতে পারবে না। বিচারক ও আইনজীবীরা স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবেন।’ যারা তালেবান নামধারী গোষ্ঠি পরিচয়ে বিচারককে হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, ‘আমার কাছে মনে হয় এটা তালেবানদের কাজ না, বর্তমান আফগানিস্থানের পরিবেশ-পরিস্থিতির আলোকে বাংলাদেশে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে কে বা কারা এমন চিঠি বিচারককে পাঠিয়েছে। তবে আমাদের আফগানিস্থানের বিষয়টি মাথায় রেখেই চলতে হবে।’

তিনি আরও বলেন, ‘এমন স্থানে চিঠিটি পাঠানো হয়েছে যাতে করে খুব দ্রুত প্রচার হয়। যারা চিঠিটি পাঠিয়েছেন তারা খুবই কৌশলী।’

সূত্র: সমকাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.