Sylhet Today 24 PRINT

দেশে প্রথমবারের মত চট্টগ্রামে স্কুলের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে

উর্মিমালা চৌধুরী, চট্টগ্রাম  |  ২৫ নভেম্বর, ২০১৫

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে দেশে এই  প্রথম পূর্ণাঙ্গ অনলাইনে সম্পন্ন হবে চট্টগ্রাম মহানগরের ৯টি সরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি কার্যক্রম।  আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবে ৫ম  থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা।

৩ হাজার ৫শ ৫৬ টি শূন্য আসনের বিপরীতে আজ বুধবারর (২৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ভর্তির আবেদন প্রক্রিয়া।

জেলা প্রশাসন প্রদত্ত সূত্রে জানা যায়,  আজ ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। প্রথমবারের মত পূর্ণাঙ্গ অনলাইনেই নগরীর নয়টি সরকারি স্কুলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

এদিকে, অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পাদনের জন্য ইতোমধ্যে সিস্টেম (সফটওয়্যার) সহ অন্যান্য সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ. দৌলতুজ্জামান খাঁন। পূর্ণাঙ্গ অনলাইন প্রক্রিয়া চালুর ফলে আগের মতো সংশ্লিষ্ট স্কুল থেকে ভর্তি ফরম সংগ্রহ ও তা পূরণ করে জমাদানের প্রয়োজন পড়বে না। অনলাইনেই সব প্রক্রিয়া সম্পাদন করতে পারবে। এতে করে নানা ভোগান্তি থেকে মুক্তি পাবে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

প্রক্রিয়া: জেলা প্রশাসন সূত্র জানিয়েছে- শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন ও ফলাফল প্রকাশসহ যাবতীয় কার্যক্রম www.eductg.gov.bd   ওয়েবসাইটে সম্পন্ন করা হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য ও নোটিশ www.eductg.gov.bd  এবং  www.chittagong.gov.bd   এ নিয়মিত আপডেট দেয়া হবে।  ভর্তি ফরমের মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। ফরম পূরণের সময় সংশ্লিষ্ট পরীক্ষার্থী বা অভিভাবকের একটি মোবাইল নম্বর প্রদান করতে হবে। যথাযথ ভাবে ফরম পূরণ সম্পূর্ণ হলে সংশ্লিষ্ট মোবাইল নম্বরে একটি এসএমএস (বার্তা) যাবে। এতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর  অ্যাপ্লিকেশন আইডি দেয়া থাকবে। এই  অ্যাপ্লিকেশন আইডি ব্যবহার করে ‘ডাচ বাংলা’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ‘৩৬৩’ একাউন্ট নম্বরে ফি জমা দিতে হবে। ফি জমাদান নিশ্চিত হলে আর একটি এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার্থীর  রোল নম্বর জানিয়ে দেয়া হবে। এই রোল নম্বর এবং সংশ্লিষ্ট মোবাইল নম্বর প্রদান করে পরবর্তীতে ওয়েবাসইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা । পরীক্ষার একদিন আগে সর্বশেষ আর একটি এসএমএস যাবে পরীক্ষার্থীর মোবাইলে। এতে সংশ্লিষ্ট  পরীক্ষার্থীর  পরীক্ষা কেন্দ্র এবং কক্ষ  নম্বর উল্লেখ করা থাকবে।

আসন সংখ্যা: কলেজিয়েট স্কুলে ২০১৬ সালের শূন্য আসনের সংখ্যা ৫ম শ্রেণীতে ৩২০ এবং নবম শ্রেণীতে ১৪০টি। সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে ১৬০, ৬ষ্ঠ শ্রেণীতে ১৬০, ৮ম শ্রেণীতে ১০ (দিবা) এবং ৯ম শ্রেণীতে ১৪০টি। নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে ১৬০. ৬ষ্ঠ শ্রেণীতে ১৮০, ৮ম শ্রেণিতে ১০০ এবং ৯ম শ্রেণিতে ১৯০ টি। ডা. খাস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে ৩২০ টি। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে ২৪০ এবং ৯ম শ্রেণিতে ৮০টি। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে ১৬০, ৬ষ্ঠ শ্রেণিতে ১০০ (দিবা), ৯ম শ্রেণিতে ৬০   ( বাণিজ্য ৪০,বিজ্ঞান ২০)। বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে (বালক শাখা) ৫ম শ্রেণিতে ৮০, ৬ষ্ঠ শ্রেণিতে ১০০, ৭ম ৩০, ৮ম ৪০ এবং ৯ম ৪০টি এবং বালিকা শাখায় ৫ম ৮০, ৬ষ্ঠ ১৫, ৭ম ১৫, ৮ম ১৫ এবং ৯ম ৪০। হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ে ৫ম ১৬০, ৬ষ্ঠ ৩০ এবং ৯ম শ্রেণিতে ৪০ টি আসন। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে ২৪০, ৬ষ্ঠ ৭০ (দিবা) এবং ৯ম শ্রেণিতে ৪১ (দিবা) টি আসন রয়েছে।  

গত বছর নয় স্কুলে মোট ৩ হাজার ৫৭৪টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫ম শ্রেণিতে ১ হাজার ৯৬০, ষষ্ঠ শ্রেণিতে ৬৪৭, সপ্তম শ্রেণিতে ১৮৩, অষ্টম শ্রেণিতে ১২৯ এবং নবম শ্রেণিতে ৬৫৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়।

কোটা:  এবার যারা কোটা সুবিধায় অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে যাচাই বাছাই করে এ্যাডমিট কার্ড দেয়া হবে সেসকল শিক্ষার্থীদের। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ৫%, প্রতিবন্ধীদের ২%, ২% শিক্ষক ( সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীদের সন্তান) এবং ১০% সরকারি প্রাথমিক বিদ্যালয় (শুধুমাত্র ৬ষ্ঠ শ্রেণির জন্য) কোটায় ভর্তি করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ. দৌলতুজ্জমান খাঁন বলেন, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সম্মিলিত মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী নির্ধারিত বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোন ধরনের অনিয়মের সুযোগ রাখা হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.