Sylhet Today 24 PRINT

নারী নির্যাতন : ১৫ বছরে সোয়া লাখ মামলা

নিউজ ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০১৫

আজ থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পর্যন্ত পৃথিবীর দেশে দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হবে। বাংলাদেশে চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৮১ জন নারীকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। ১৫ বছরে মামলা হয়েছে প্রায় সোয়া লাখ।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটিকে স্বীকৃতি দেয়।

জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযান কমিটি ১৯৯৭ সাল থেকে এই দিবস ও পক্ষ পালন করছে। তবে কোনোভাবেই কমছে না নারী নির্যাতনের চিত্র।

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কাজ করে এমন একাধিক সংগঠনের হিসেবে এ বছরের প্রথম ছয় মাসে অন্তত ৮১ জন নারীকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। ২০১৪ সালে যৌতুকের কারণে ২৩৬ নারীকে হত্যা এবং ১৯৫ নারী নির্যাতনের শিকার হয়েছেন। সে বছর পাচার হয় ২৭ জন নারী ও শিশু। ১০ জনকে পতিতালয়ে বিক্রি করা হয়েছে।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, যৌতুকের কারণে ২০১০ থেকে ২০১৫ সালের মে মাস পর্যন্ত সারাদেশে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে এক লাখ ১৪ হাজার ১৯২টি। বিশেষজ্ঞরা বলছেন, যৌতুক কেবল গরিবের ঘরে নয়, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ধনী সব ধরনের পরিবারেই ছড়িয়ে আছে এই অভিশাপ। তাদের মতে, নির্যাতনের অনেক কম অংশ জানাজানি হয়, গ্রাম-শহরে বহু নারী লোকলজ্জা এবং পারিবারিক অসম্মানের ভয়ে মুখ বুজে সয়ে যাচ্ছেন নির্যাতন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.