Sylhet Today 24 PRINT

প্রাইভেটকারের ভেতরে দুই ওয়ার্কশপকর্মীর মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০২১

রাজধানীর সেগুনবাগিচায় একটি মোটর গ্যারেজে প্রাইভেটকারের ভেতরে দুই কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে দুনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তারা হলেন- কুমিল্লা লালমাই উপজেলার উৎসব কদুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে সিয়াম মজুমদার (২০) ও ফরিদপুর সদরপুর উপজেলার মুন্সিডাঙ্গী গ্রামের শেখ হানিফের ছেলে রাকিব (১৭)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাদের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। তবে ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এদিকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া গ্যারেজ মালিক মো. বাচ্চু জানান, সেগুনবাগিচায় বাচ্চু অটো মোবাইলস নামে তার গ্যারেজে এক বছর ধরে কাজ শিখছিল রাকিব। থাকতো নন্দীপাড়ায় তার বাসাতেই। আর পাশের কুরবান মোটরসে কাজ করতো সিয়াম। তারা দুজন বেশিরভাগ সময়ই রাতে বাসায় ঘুমাতো। তবে মাঝেমধ্যে গ্যারেজেও ঘুমাতো।

তিনি বলেন, গতরাতে তারা দুই গ্যারেজের সামনে মেরামতের জন্য রাখা একটি প্রাইভেটকারের মধ্যে ঘুমিয়ে ছিল। সকালে সাড়ে ৯টার দিকে গ্যারেজে গিয়ে দেখা যায় প্রাইভেটকারের সামনে দুই সিটে পাশাপাশি ঘুমিয়ে রয়েছে তারা। প্রাইভেটকারের দরজা ভেতর থেকে বন্ধ এবং জানলাও আটকানো ছিল।

গ্যারেজ মালিক বলেন, তখন অনেকক্ষণ ডাকাডাকি করেও তাদের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে প্রাইভেটকারটির দরজা ভেঙে ভেতরে থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

রাকিবের মামা রামেন জানান, দুই ভাইবোনের মধ্যে ছোট ছিল রাকিব।

এদিকে কুরবান মোটরসের মালিক ও সম্পর্কে সিয়ামের চাচা জহিরুল ইসলাম জানান, সিয়াম ধোলাইপাড়ে তার বাসাতেই থাকতো। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। কয়েক বছর ধরেই সে এই গ্যারেজে কাজ করে আসছিল।

কী কারণে তাদের মৃত্যু হতে পারে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার জানান, সেগুনবাগিচায় একটি ওয়ার্কশপে গাড়ির ভেতরে তারা ঘুমিয়ে ছিল। সকালে গ্যারেজের লোকজনই ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সিআইডির ক্রাইম সিন খবর দেওয়া হয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.