Sylhet Today 24 PRINT

ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের ড. ফেরদৌসি কাদরী

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০২১

এশিয়ার নোবেল খ্যাত র‌্যামন ম্যাগসেসে ২০২১ পুরস্কার পেয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর, বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফেরদৌসি কাদরী। র‌্যামন ম্যাগসেসের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ড. ফেরদৌসি কাদরী লাখ লাখ মানুষের জীবন বাঁচানো টিকা আবিষ্কারে সহায়ক ভূমিকা রেখেছেন।

বিশ্বব্যাপী মর্যাদাসম্পন্ন এ পুরস্কারটি আরও পেয়েছেন পাকিস্তানের আমজাদ সাদিক, দক্ষিণ-পূর্ব এশিয়ার স্টিভেন মানসিসহ বেশ কয়েকজন।

উন্নয়নশীল দেশের শিশুদের মধ্যে সংক্রামক রোগ প্রতিরোধে ড. ফেরদৌসি কাদরীর প্রচেষ্টা বিশ্বজুড়ে প্রশংসিত। কলেরা মহামারি থেকে মানুষকে রক্ষার জন্য সাশ্রয়ী মূল্যের টিকা নিয়ে যারা কাজ করেছেন, ড. ফেরদৌসি তাদের একজন।

২০২০ সালে তিনি  ল’রিয়েল-ইউনেস্কো ফর ওমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ডও পান। ১৯৮৮ সালে আইসিডিডিআর, বিতে যোগ দেন ড. ফেরদৌসি কাদরী। তিনি সংস্থাটির ইমিউনলজি বিভাগের প্রধান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.