Sylhet Today 24 PRINT

পদ্মা সেতুতে বারবার ধাক্কার ঘটনা হালকা ভাবে নিলে চলবে না: সেতুমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ৩১ আগস্ট, ২০২১

পদ্মা সেতুতে বারবার ধাক্কা দেওয়ার ঘটনা হালকা ভাবে নিলে চলবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩১ আগস্ট) পদ্মা সেতুর স্প্যানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর জাহাজটি ধাক্কার খবরে সরেজমিনে পরিদর্শন শেষে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় ওবায়দুল কাদের সংশ্লিষ্টদের পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়ে বলেন, এখানে কোন ধরণের অন্তর্ঘাত আছে কি না তা খতিয়ে দেখতে হবে।

বারবার কেন দেশের এই স্বপ্নের সেতুতে আঘাত হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরণের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নিদর্শনা দেওয়া হয়েছে।

২০০১ সালে তৎকালীন সরকার বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান হিসেবে একজন অযোগ্য লোককে নিয়োগ দেয়। তখন এনিয়ে মিডিয়ায় অনেক সমালোচনা হয়। এই চেয়ারম্যানকে নিয়ে তখনকার সময় একটা গ্রুপ জাহাজ ও ফেরি ব্যবসায় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হতো বলেও ব্রিফিংয়ে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, সেই লোকেরা এখন এখানে জড়িত, সেজন্য অবশ্যই তদন্ত করা হবে, কোন ষড়যন্ত্র আছে কি না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.