সিলেটটুডে ডেস্ক: | ০২ সেপ্টেম্বর, ২০২১
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৩৩০ জন ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৩৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২৮৪ জন ও ঢাকার বাইরে ৪৬ জন ভর্তি হয়েছেন। এই সময়ে মারা গেছেন আরও তিনজন। এর আগেরদিন বুধবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৯৮১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৬৬৮ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন।
ডেঙ্গু বাসায় থাকা এডিস মশার কামড়ে হয়। নগরীর চার পাশের ময়লা-আবর্জনার স্তূপ থাকা, নোংরা ড্রেন পরিষ্কার না করায় চলতি বর্ষা মৌসুমে মশার প্রজনন বেড়ে গেছে। অথচ নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এবং মশার প্রজননক্ষেত্র ধ্বংস করলেই মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব।