সিলেটটুডে ডেস্ক | ০৮ সেপ্টেম্বর, ২০২১
উগ্রবাদী গোষ্ঠী তালেবান সরকারকে স্বীকৃতি নিয়ে বাংলাদেশ ধীরে চলো নীতি অনুসরণ করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো অনুমোদন না দিলে আফগানিস্তানে তালেবানের অন্তবর্তী সরকারকে বাংলাদেশও স্বীকৃতি দেবে না।
মন্ত্রণালয়ে বুধবার (৮ সেপ্টেম্বর) তালেবান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আফগানিস্তান বিষয়ে জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) উদ্যোগ নিলে সে বিষয়ে সমর্থন দেবে বাংলাদেশ।
মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে মঙ্গলবার আফগানিস্তানে অন্তবর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান। এ সরকারে হাসান আখুন্দের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি।
সংগঠনের রাজনৈতিক প্রধান শের মোহাম্মদ আব্বাস স্ট্যানেকজাইকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। আর তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে করা হয়েছে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী। তালেবান নেতা হেদায়াতুল্লাহ বদরিকে করা হয়েছে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী।
তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানান, আফগানিস্তানে নতুন ইসলামিক সরকারে এখন পর্যন্ত ৩৩ জনকে নিয়োগ দেয়া হয়েছে।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর গত ১৫ আগস্ট রাজধানী কাবুল ও প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নেয় কট্টরপন্থি তালেবানরা।