Sylhet Today 24 PRINT

তথ্য প্রযুক্তি আইনের মামলায় খালাস সাংবাদিক প্রবীর সিকদার

সিলেটটুডে ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০২১

সাবেক এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় খালাস পেয়েছেন সাংবাদিক প্রবীর সিকদার।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন এ রায় দেন। সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বছরের ২২ মার্চ উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১ এপ্রিল (বৃহস্পতিবার) দিন ধার্য করেন আদালত। ১ এপ্রিল রায় প্রস্তুত না হওয়ায় বিচারক রায় ঘোষণার জন্য ১১ এপ্রিল (রোববার) দিন ধার্য করেন। ১১ এপ্রিল করোনা পরিস্থির কারণে আদালতের কার্যক্রম স্থগিত থাকায় রায় ঘোষণার জন্য ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়, সাংবাদিক প্রবীর সিকদার ২০১৫ সালের ১০ আগস্ট ফেসবুকে তৎকালীন এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। এ ঘটনায় ২০১৫ সালের ১৬ আগস্ট তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল।

এরপর ২০১৬ সালের ১৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মনির হোসেন তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৪ আগস্ট প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.