Sylhet Today 24 PRINT

৪২তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ সেপ্টেম্বর, ২০২১

চিকিৎসক নিয়োগের ৪২তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এই বিসিএসের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সুপারিশ পেয়েছেন চার হাজার জন।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) বৃহস্পতিবার বিকেলে এ ফল প্রকাশ করে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহ্‌মদ বলেন, ‘৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। মোট চার হাজার চিকিৎসক নিয়োগের জন্য কমিশন সুপারিশ করেছে।’

তিনি আরও বলেন, ৪২তম বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও সরকারের সিদ্ধান্ত মোতাবেক চার হাজার চিকিৎসক নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।

৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ২৩ মে থেকে, কিন্তু ২৮ মে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ ভাইভা স্থগিত করা হয়।

পরবর্তী সময়ে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হয়। ১৩ জুলাই পর্যন্ত ভাইভা চলার কথা ছিল, কিন্তু ২২ জুন এই ভাইভা স্থগিত করা হয়। পরে গত মাসের ১০ তারিখ থেকে এই বিসিএসের ভাইভা শুরু হয়।

দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এ বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয় গত ২৬ ফেব্রুয়ারি।

পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.