Sylhet Today 24 PRINT

দেশে পৌঁছেছে আরও ৫৪ লাখ ডোজ চীনা টিকা

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০২১

চীনের সঙ্গে সাড়ে সাত কোটি করোনাভাইরাস প্রতিরোধী টিকা কেনার চুক্তির আওতায় আরও ৫৪ লাখ ১ হাজার ৩০০ ডোজ সিনোফার্মের টিকা ঢাকায় এসে পৌঁছেছে।

শুক্রবার রাত ২টার দিকে বাংলাদেশ এয়ারলাইনসের ড্রিমলাইনার-৭৮৭ বিমানটি টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক।

এর আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হ্যালং উয়ান। তিনি লিখেছেন, ‘চীন সব সময়ই সাপ্লাই নিয়মিত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।’

এ ছাড়া শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক অনুষ্ঠানে বলেছেন, ‘প্রতি সপ্তাহে আমরা চীন থেকে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার একটি শিডিউল পেয়েছি। যেমন ধরেন, শনিবার ৫০ লাখ টিকা আসবে। এভাবে এ মাসের চার সপ্তাহে চারটি চালান আসার কথা রয়েছে। এভাবে সপ্তাহে ৫০ লাখ করে টিকা আসবে আগামী নভেম্বর পর্যন্ত।’

এখন পর্যন্ত চীনের কাছ থেকে কেনা, উপহার ও কোভ্যাক্সের মাধ্যমে ২ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৭৫০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে উপহারের ২১ লাখ ও কোভ্যাক্সের মাধ্যমে এসেছে ৩৪ লাখ ৭১ হাজার ৬০০ ডোজ। আর বাকিটা কেনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.