Sylhet Today 24 PRINT

গভীর নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০২১

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর কারণে সাগর খুবই উত্তাল রয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহে আজও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। খবর: বাসস

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষীপুর ও চট্টগ্রাম এবং এর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৩ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছাসে প্লাবিত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

তিনি জানান, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত নিন্মচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ সোমবার সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আজ সোমবার ঢাকা ও আশপাশের এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ সকাল থেকে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১২ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যাহা দমকাসহ বাতাস অস্থায়ীভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.