Sylhet Today 24 PRINT

দিনে ছয় ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০২১

বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গাড়িতে আবার সংকুচিত গ্যাস বা সিএনজি সীমিত করতে চাইছে সরকার। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

সিদ্ধান্ত কার্যকর করতে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

রোববার মন্ত্রণালয়ের সহকারী সচিব সায়মা আক্তারের সই করা চিঠিটি পাঠানো হয়, যা সোমবার গণমাধ্যমের হাতে আসে।

এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো আদেশ আসেনি। তবে পেট্রোবাংলাকে জাতীয় তিনটি দৈনিকে বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসমূহে গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিগত ১৯ জুলাই ২০২১ তারিখে প্রধানমন্ত্রী ভার্চুয়াল সভায় অংশ নিয়ে বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে।

বৈদ্যুতিক পিক আওয়ারে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১ পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে বলেও জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.