Sylhet Today 24 PRINT

এসএসসি পরীক্ষার্থীদের কোকোর মেয়েদের মতো ভাবতে বললেন নাহিদ

নিউজ ডেস্ক  |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৫

মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ যে আছে সেটা বিবেচনা করে কর্মসূচি আর না বাড়িয়ে বোরবার থেকে সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠানের সুযোগ দেওয়ার জন্যে বিএনপিসহ বিশ দলের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিএনপি নেতৃত্বাধীন জোট তাদের ৭২ ঘণ্টা হরতালের মেয়াদ আরও ৩৬ ঘণ্টা বাড়ানোর পর বুধবারের নির্ধারিত এসএসসি পরীক্ষা পিছিয়ে দিয়ে শিক্ষামন্ত্রী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান- আমরা তো যুদ্ধে যাচ্ছি না। আমরা চাচ্ছি সমাজের সকলের সমর্থনে সকলেই পরীক্ষা দেবে। আমরা সেই আশার উপর ভরসা করে সকলের সহযোগিতা নিয়েই চলব।

শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশে বলেন- কোকোর মেয়েরা পরীক্ষা দিতে মালয়েশিয়া ফিরে গেছে, তারা পরীক্ষা দেবে এটা খুশির সংবাদ। তাই দয়া করে দেশের ১৫লাখ পরীক্ষার্থীদেরকে কোকোর মেয়েদের মতো বিবেচনা করুন।

খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি তাদের দুই মেয়ে জাফিয়া ও জাহিয়াকে নিয়ে সোমবার মালয়েশিয়ায় ফিরে যান। মুদ্রা পাচার মামলার সাজা মাথায় গত সাত বছর ধরে পরিবার নিয়ে সেখানেই থাকছিলেন কোকো।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়,জাফিয়া ও জাহিয়ার পরীক্ষা থাকায় মায়ের সঙ্গে তারা মালয়েশিয়া চলে গেছে।

নাহিদ বলেন, আমি মাননীয় খালেদা জিয়ার সহযোগিতা চাচ্ছি। তিনি ইন্সস্ট্রাকশন দেবেন যেন ছেলেমেয়েরা ভালমত পরীক্ষা দিতে পারে- ‘যে যেখানে আছ আমার দল ও ফ্রন্টের- তোমরা সহযোগিতা কর’।

আমি আশা করি, তিনি এই আহ্বান জানাবেন যে- ‘পরীক্ষার দুইদিন তোমরা বিরক্ত করো না, আর বাকি দিনগুলোতও তোমরা পরীক্ষা দিতে দাও’।

২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও বিএনপি জোট রোববার থেকে তিন দিনের হরতাল ডাকায় ওইদিনের পরীক্ষা পিছিয়ে শুক্রবার নেওয়া হয়। এরপর মঙ্গলবার হরতালের মেয়াদ বাড়ার ঘোষণা এলে বুধবারের পরীক্ষা পিছিয়ে নেওয়া হয় শনিবার।

বিএনপি জোটের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, “আগের পরীক্ষার তারিখ পরিবর্তন করে আশা করেছিলাম আর হরতাল দেবেন না। সবার মধ্যেও সেই মনোভাব ছিল।... বিএনপি ও তাদের সহযোগীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এটা দুঃখজনক, জাতির জন্যও দুর্ভাগ্যজনক।”

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.