Sylhet Today 24 PRINT

ইভ্যালির মালিক দম্পতি তিনদিনের রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক: |  ১৭ সেপ্টেম্বর, ২০২১

অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিনদিন করে রিমান্ড নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত এই আদেশ দেন।

শুক্রবার দুপুর ৩টার দিকে ১০ দিনের রিমান্ড চেয়ে রাজধানীর সিএমএম কোর্টে তাদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম। রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুর ১টার দিকে র‌্যাব সদর দপ্তর থেকে তাদের গুলশান থানায় হস্তান্তর করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরপর ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে নেওয়া হয়।

গত বুধবার রাতে রাজধানীর গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন আরিফ বাকের নামে এক গ্রাহক। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.