Sylhet Today 24 PRINT

সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৫

বাংলাদেশ ভারত সীমান্তে আবারও বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত হয়েছে। এ নিয়ে গত দুই দিনে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত হলেন।

অদ্য, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে অমূল্য চন্দ্র বর্মণ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার ভোর রাত ৩টা ৪৫ মিনিটের দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০১নং মেইন পিলারের ৬ নম্বর সাবপিলার সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত অমূল্য চন্দ্র বর্মণ (৩৮) হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার মহেশ চন্দ্র বর্মণের ছেলে।

এলাকাবাসী ও বিজিবি জানান, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারের ৬নং সাব পিলার সীমান্তে ৬/৭ জনের গরু ব্যবসায়ীর একটি দল সীমান্তের তারকাঁটা কাটার সময় ভারতের কোচবিহার ২১ বিএসএফ ব্যাটালিয়নের বড়মরিচা ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে অমূল্য বর্মণ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্য গরু ব্যবসায়ীরা নিহতের লাশ টেনে হেচড়ে তার বাড়িতে নিয়ে আসে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী অমূল্য মারা যাছেন। এ ঘটনায় বিএসএফের কাছে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে এবং পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.