হবিগঞ্জ প্রতিনিধি | ১৮ সেপ্টেম্বর, ২০২১
হবিগঞ্জের লাখাই উপজেলায় কৃষ্ণপুর গণহত্যা দিবস পালিত হয়েছে। শোক-শ্রদ্ধা আর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার ঐতিহাসিক কৃষ্ণপুর গণহত্যা দিবস পালন করেন স্থানীয় গ্রামবাসী।
১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর রাজাকারের সহযোগিতায় পাকহানাদার বাহিনী ১২৭ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে কৃষ্ণপুর বধ্যভূমিতে সকল শহীদের স্মরণে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা সহকারী কমিশন (ভূমি) রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কৃষ্ণপুর গ্রামবাসী উপস্থিত ছিলেন।