Sylhet Today 24 PRINT

গণটিকা কর্মসূচি শুরুর নির্দেশনা পায়নি স্বাস্থ্য অধিদপ্তর

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০২১

সারাদেশে গণটিকাদান কর্মসূচি আবার শুরুর বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে তিনি এ কথা জানান।

অধ্যাপক নাজমুল আরও জানান, ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে জাতীয় কারিগরি কমিটির পরামর্শে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর সিদ্ধান্ত নেবে।

করোনা সংক্রমণের প্রবণতা নিম্নমুখী জানিয়ে তিনি বলেন, ‘সারাদেশে গত ৭ দিনে ১ লাখ ৯১ হাজার ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার হার আগের ৭ দিনের চেয়ে ৪ দশমিক ৬৯ শতাংশ বেশি। গত ৭ দিনে শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৫৮ জন এবং যেটি আগের ৭ দিনের চেয়ে ৩ হাজার ৭৫৮ জন কম।’

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মৃত্যুর সংখ্যাও কমে এসেছে। সংক্রমণ পরিস্থিতি পুরো সপ্তাহের প্রথম দুদিন ৭ শতাংশের সামান্য বেশি ছিল। তারপর থেকে ৬ শতাংশ বা তার সামান্য কিছু বেশি ছিল। সামগ্রিকভাবে গত ৩০ দিনের সংক্রমণের চিত্র এই মুহূর্তে নিম্নমুখী প্রবণতাতেই আছে।’

ডেঙ্গু আক্রান্তের বিষয়ে তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৭ জন এবং ঢাকার বাইরে ৪৫ জন। সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১ হাজার ১৯৭ জন। ১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৫৯ জন মারা গেছেন।’


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.