Sylhet Today 24 PRINT

বাংলালিংকের বিরুদ্ধে জেমসের মামলার আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০২১

বাংলালিংকের বিরুদ্ধে গান কপিরাইট আইনে ঢাকার নিম্ন আদালতে মামলা করেছেন মাহফুজ আনাম জেমস।

রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার আবেদন করেন তিনি।

জেমসের মামলার বিষয়ে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বলেন, ‘আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেন জেমস। শুনানিতে বিচারক গুলশান থানায় গিয়ে তাকে মামলা দায়েরের পরামর্শ দেন। থানায় মামলা না নিলে আদালতে আসতে বলেন।’

জেমস আদালতে আসেন সকালে। বেলা ১টায় তিনি আইনজীবীর চেম্বার থেকে বের হয়ে চলে যান।

মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোনো কিছু বলেননি তিনি। এ বিষয়ে তার আইনজীবীর সঙ্গে কথা বলতে বলেন জেমস।

এ বিষয়ে জেমস এর ম্যানেজার রুবাইয়াত ঠাকুব রবিন বলেন, 'মামলা করা হয়নি। তবে এ বিষয়ে শিগগিরই আমরা বিস্তারিত জানাবো। এখনো জানানোর মতো কিছু হয় নি। শুধু এটুকু বলি, কপিরাইট ইস্যু নিয়ে আইনজীবীর সাথে পরামর্শ করার জন্য আদালত প্রাঙ্গণে গিয়েছিলেন জেমস।'

জেমসের মামলার কারণ, অনুমতি ছাড়া তার গান কপিরাইট করেছে বাংলালিংক। বিষয়টি জানার পর আদালতে গিয়ে মামলার আবেদন করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.