Sylhet Today 24 PRINT

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০২১

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড়টির নাম হবে ‘গুলাব’। পাকিস্তান এই নামকরণ করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে। ইতোমধ্যেই ভারতের উড়িষা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।

এই মুহূর্তে উত্তর-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপটি। এটি ক্রমেই উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার কথা।

ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১২ ঘণ্টায় এই অতি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার পর রোববার উড়িষার দক্ষিণে ব্রহ্মপুর এবং অন্ধ্রপ্রদেশের উত্তরে বিশাখাপত্তনমের মাঝ বরাবর কলিঙ্গপত্তনমের ওপর দিয়ে স্থলভাগ অতিক্রম করবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উড়িষা ও অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.