Sylhet Today 24 PRINT

আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফল প্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০২১

আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বার কাউন্সিল।

শনিবার বিকেলে এ ফল প্রকাশ করা হয় বলে নিশ্চিত করেছেন বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, বার কাউন্সিলের ওয়েব সাইটে ফল প্রকাশ করা হয়েছে।

এই ফলাফলে উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারবেন। অর্থাৎ আইনজীবী অন্তর্ভুক্ত হবেন।

পরীক্ষায় চূড়ান্তভাবে ৫ হাজার ৯৭২ জন উত্তীর্ণ হয়েছেন। তবে প্রয়োজনীয় নথিপত্র জমা না দেয়ায় ৯ জনের ফলাফল স্থগিত রাখা হয়েছে। ৩০ দিনের মধ্যে কাগজপত্র জমা না দিলে তাদের ফলাফল বাতিল করা হবে।

এ ছাড়া, একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রিট আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আরও তিনজনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

তালিকাভুক্তরা সংশ্লিষ্ট আইনজীবী সমিতিতে ছয় মাসের মধ্যে মেম্বারশিপ নিয়ে আইন পেশা শুরু করতে পারবেন।

গত ২৫ জুলাই থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১৫ জুলাই এক জরুরি বিজ্ঞপ্তিতে তা স্থগিত করা হয়েছিল।

২০২০ সালের ১৯ ডিসেম্বর ও চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে উত্তীর্ণ এবং বিগত দুই পরীক্ষায় মৌখিক পরীক্ষায় আটকে পড়ারা এবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কেননা, তিন ধাপের নৈব্যক্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.