Sylhet Today 24 PRINT

বিএফইউজে নির্বাচন দুই মাসের জন্য স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন আগামী দুই মাসের জন্য স্থগিত করেছেন হাই কোর্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এই আদেশ দেন।

আগামী ২৩ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

ভোটার তালিকায় নিজের নাম না থাকার বিষয়টি উল্লেখ করে একটি রিট করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান ফেরদৌস। রিটে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্তির নির্দেশনা চান তিনি।

রিটকারী আইনজীবী তীর্থ সলিল পাল বলেন, ‘হাই কোর্ট বিএফইউজের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন। একই সঙ্গে রিট আবেদনকারী হাসান ফেরদৌসের নাম ভোটার তালিকায় কেন অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাই কোর্ট। শ্রমসচিব ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের এই রুলের জবাব দিতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.