Sylhet Today 24 PRINT

কথিত ‘পীরের কেরামতি’, ধান্দাবাজি-প্রতারণায় কোটি টাকা আত্মসাত

সিলেটটুডে ডেস্ক: |  ২৮ সেপ্টেম্বর, ২০২১

আব্দুল মুত্তালিব চিশতি নামে এক কথিত পীরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যিনি ‘পীর’ সেজে প্রতারণা, তদবির, চাকুরি দেওয়া, স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন।

প্রতারণার অভিযোগে আব্দুল মুত্তালিব চিশতি নামের এই পীরকে গত সোমবার বিকালে মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। ডিবির গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার মশিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

চিশতিকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের জন্য পুলিশ আদালতে আবেদন করেছে বলে জানান তিনি।

এ ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে দুটি মামলা থাকলেও শতাধিক ভুক্তভোগী লোকলজ্জায় অভিযোগ করছেন না বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তার বিরুদ্ধে পীরবাদ ও রাজনৈতিক পদবি ব্যবহার করে বিভিন্ন মন্ত্রনালয়ে মাস্টাররোলে চাকরি দেওয়া, রাজউকের বিভিন্ন প্রকল্পে নির্মাণাধীন ফ্ল্যাট স্বল্পমূল্যে বরাদ্দ দেওয়ার অনেক অভিযোগ রয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা।

তিনি বলেন, ‘চিশতির বাসায় সপ্তাহান্তে জিকিরের হিড়িক পড়ে। তখন কাফনের সাদা কাপড় পরে তিনি চোখ বন্ধ করে বয়ান করেন আর লম্বা মোনাজাত ধরেন। ভক্তরা আবেগে অশ্রু বিসর্জন দিতে শুরু করলে আব্দুল মুত্তালিব কখনও কখনও চোখ খুলে সন্ধান করেন শিকারের, কাকে টার্গেট বানানো যায় ‘গে এক্টিভিজমের প্যাসিভ পার্টনার’ হিসেবে।পবিত্র কোরআনের সর্বসাকুল্যে তিনটি সুরা জানা এই অজ্ঞ-মূর্খ আব্দুল মুত্তালিবের জন্য পীরবাদ, চিশতিয়া ত্বরিকা যৌন হয়রানি আর ব্যবসার একটা কৌশলমাত্র।’

তিনি আরও বলেন, ‘ধান্দাবাজি আর প্রতারণায় রাজনীতিকে ব্যবহার করার দৌড়েও বেশ এগিয়ে এ ভন্ড পীর। ইতোমধ্যে একটি চক্রকে নিয়ে উনি বানিয়েছেন আওয়ামী নির্মাণ শ্রমিক লীগ, বাগিয়ে নিয়েছেন জ্যেষ্ঠ সহসভাপতি পদ। এই পদবী ব্যবহার করে বিভিন্ন পুরুষ এবং মহিলা আওয়ামী লীগ নেতাদের সাথে তুলেছেন সেলফি ও ছবি।’

‘তাদেরকে দিয়ে সুপারিশ করিয়ে বিভিন্ন সময়ে প্রবেশ করেছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ করে শিক্ষা, ভূমি, গৃহায়ণ ও গণপূর্ত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে। মূলত যে সমস্ত মন্ত্রণালয় সমগ্র দেশব্যাপী ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে সে সমস্ত মন্ত্রণালয়গুলোতে আনাগোনা করে কখনও মন্ত্রী, কখনও সিনিয়র কর্মকর্তাদের সাথে ছবি তুলেছেন তিনি।’

উপকমিশনার মশিউর বলেন, ‘প্রতারণার জন্য নতুন নতুন শিকারের জন্য এই ব্যক্তি দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। একদিকে পীরবাদের বয়ান করতে, আরেকদিকে রাজনৈতিক প্রচার প্রচারণার জন্য সফর করেছেন দেশের বিভিন্ন জেলা-উপজেলায়। সেখান থেকেই তার প্রতারণা শুরু হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.