Sylhet Today 24 PRINT

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বাবলুকে

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০২১

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব, সা‌বেক মন্ত্রী ও ডাকসুর সা‌বেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মরদেহ শনিবার বাদ এশা রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। দলের চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে গুলশানের আজাদ জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত তার লাশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে শনিবার সকাল নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন বাবলু। শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে একবার লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।

সাবেক সংসদ সদস্য ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন বাবলুর করোনা ধরা পড়ে গত ৬ সেপ্টেম্বর। ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিকের পক্ষে প্রচারণা চালাতে পাঁচ দিন তিনি সিলেটে অবস্থান করেন।

ঢাকায় ফিরে অসুস্থবোধ করলে ও উপসর্গ দেখা দিলে ৬ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করালে পজিটিভ শনাক্ত হয়। ওইদিনই তিনি ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে এক দিন পর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

বাবলুর ব্যক্তিগত সহকারী জানান, তিনি আগে থেকে অ্যাজমা ও হার্টের জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন। করোনা শনাক্তের পর ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হয়।

সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদের শাসনামলে উপমন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন জিয়াউদ্দিন বাবলু। এছাড়াও দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.