Sylhet Today 24 PRINT

আইএসের নামে দেশকে অকার্যকরের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৫

আইএসের নাম দিয়ে বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেন, জঙ্গিবাদের অস্তিত্বের কথা বলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

দুই মন্ত্রী আজ দুপুরে রাজধানীর কামরাঙ্গীর চরে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কোনো একটা ঘটনা ঘটলেই ৫ মিনিটের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকায় একটি বার্তা চলে যায়। তখন আমেরিকার সাইট নামক প্রতিষ্ঠান বলে এটা আইএস করেছে। আইএস নামে কোনো সংগঠন বাংলাদেশে নেই। তাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই। আইএসের নাম দিয়ে আমাদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করতে এবং বিভেদের সুযোগ নিয়ে আজকে আমাদের অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে।’

খাদ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ কামরুল ইসলাম বলেন, ‘আপনারা উপলব্ধিও করতে পারবেন না যে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে। যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সপ্তম নৌবহর পাঠিয়েছিল, যারা বিভিন্ন দেশে জঙ্গিদের জন্ম দেয়। আইএসের জন্মদাতা আমেরিকা, জঙ্গিদের মূল জন্মদাতা আমেরিকা। আজকে তারাই বিভিন্ন দেশে মার খাচ্ছে। তারা বলছে, জঙ্গি দমনে বাংলাদেশের সঙ্গে আছি, এটা নতুন ষড়যন্ত্র। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে কোনোভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.