Sylhet Today 24 PRINT

জাতিসংঘ সফর নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০২১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদানসহ যুক্তরাষ্ট্র সফরের সার্বিক বিষয় নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।

এ সময় সরকারের সার্বিক কর্মকাণ্ড, বিশেষ করে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ এবং টিকাদানের মাধ্যমে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত কার্যক্রম বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন‌ প্রধানমন্ত্রী।

২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে সঠিক পথে অগ্রসর রাখার স্বীকৃতি হিসেবে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ অর্জন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

এছাড়া জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সার্বিক ভূমিকার প্রশংসা করেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে তার ৭৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.