Sylhet Today 24 PRINT

গ্রেপ্তারের পর রিমান্ডে আরজে নিরব

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২১

মিডিয়ার পরিচিত মুখ হুমায়ূন কবির নিরব ওরফে আরজে নিরবকে প্রতারণার মামলায় গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নিয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ।

শুক্রবার ঢাকার মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের হেফাজতের আদেশ দেন।

মামলার তদন্তের জন্য আরজে নিরবকে তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রুহুল আমিন জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের হেফাজতের আবেদন করেন।

আসামি পক্ষে দুই জন আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে এক দিনের রিমান্ড আদেশ দেন।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল ফারুক বলেন, ‘বৃহস্পতিবার রাতে আবদুল্লাহ খান শৈশব নামের এক ভুক্তভোগী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আরজে নিরবের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়।’

ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস এবং কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন নিরব। সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকরা টাকা নিয়ে পণ্য না দেয়া, দেরিতে পণ্য দেয়াসহ নানা ধরনের অভিযোগ করেন।

প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির শীর্ষ কয়েকজন কর্তাব্যক্তির নামে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও হয়েছে। সেই মামলায় কিউকমের প্রতিষ্ঠাতা ও সিইও রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে ডিবি।

মামলায় বলা হয়, প্রতারণার মাধ্যমে কিউকম থেকে অর্থ আত্মসাতের হোতা আরজে নিরব। তার পরামর্শে প্রতিষ্ঠানটির সিইও মো. রিপন মিয়া প্রতারণা করে গ্রাহকদের ২৫০ কোটি টাকা আটকে রেখেছেন।

আরজে নিরব নিজের পরিচিতি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে কিউমকের বিভিন্ন অফার ও স্কিমের বিষয়ে প্রচারণা চালান গ্রাহকদের দৃষ্টি আকর্ষণের জন্য। তার প্রচারণায় আকৃষ্ট হয়ে গ্রাহকরা লাখ লাখ টাকার পণ্যের অর্ডার দেন। কিন্তু গ্রাহকরা পণ্য অর্ডার করে পড়ে যান বিপাকে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের টাকা না দিয়ে আটকে রেখেছে।

৪ অক্টোবর ডিএমপির পল্টন থানায় কিউকমের সিইও মো. রিপন মিয়ার বিরুদ্ধে ডিএমপির পল্টন থানায় এক ভুক্তভোগী গ্রাহক একটি মামলা করেন। একটি ডিজিটাল নিরাপত্তা আইন ও অপরটি প্রতারণা। পৃথক দুটি ধারায় মামলাটি দায়ের করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.