Sylhet Today 24 PRINT

নাট্যকার শিক্ষক ড. আফসার আহমেদের প্রয়াণ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ড. আফসার আহমেদ (৬২) মারা গেছেন। শনিবার দুপুর একটায় জাতীয় হৃদরোগ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জামাতা হিমেল মাহবুব।

জাবির শিক্ষক ইউসুফ হাসান অর্ক বলেন, খুলনা থেকে ঢাকায় ফেরার পথে তিনি বিমানের মধ্যেই হার্টঅ্যাটাক করেন। তাকে ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অধ্যাপক ড. আফসার আহমেদ ১৯৫৯ সালের ৩০ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার উত্তর জামশা গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মধ্যযুগের বাঙলা আখ্যান কাব্যের আলোকে বাংলাদেশের নৃগোষ্ঠী নাট্য শীর্ষক অভিসন্দর্ভের জন্য তাকে পিএইচডি ডিগ্রি প্রদান করে। আফসার আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন।

পরবর্তীকালে রবীন্দ্রোত্তর কালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ড. সেলিম আল দীন-এর সঙ্গে ১৯৮৬-৮৭ শিক্ষাবর্ষে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাকাল থেকে তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে শিক্ষকতায় নিয়োজিত থেকে উক্ত বিভাগের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন, প্রক্টর, সিনেট-সিন্ডিকেটের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি একাধারে কবি, নাট্যকার, অনুবাদক, গবেষক ও সাহিত্য সমালোচক ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.