Sylhet Today 24 PRINT

পা হারানো রাসেলকে ৩৩ লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০২১

গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেল সরকার হাই কোর্টের রায়ের পর ক্ষতিপূরণ হিসেবে চার কিস্তিতে ২০ লাখসহ সর্বমোট ৩৩ লাখ টাকা পেয়েছেন।

রাসেলের পা হারানোর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে করা রিট আবেদনকারীর আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা শনিবার এ তথ্য জানিয়েছেন। একটি জাতীয় দৈনিককে তিনি বলেছেন, সব মিলিয়ে ৩০ লাখ টাকা এবং চিকিৎসাবাবদ ৩ লাখ ৪০ হাজার টাকা পেয়েছে রাসেল।

রাসেল একটি প্রতিষ্ঠানের ভাড়া গাড়ি চালাতেন। ২০১৮ সালের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান তিনি। এ ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম ওই বছরই হাই কোর্টে একটি রিট আবেদন করেন। এর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ১৪ মে হাইকোর্ট রুল দেন।

রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১ অক্টোবর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে রায় দেন। ঘোষিত রায়ে তিন মাসের মধ্যে রাসেলকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইনকে নির্দেশ দেওয়া হয়।

আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা বলেন, হাই কোর্টের রায়ের পর চার কিস্তিতে রাসেলকে ২০ লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন কর্তৃপক্ষ। রায়ের আগে উচ্চ আদালতের আদেশের পর রাসেলকে দুই দফায় ১০ লাখ টাকা এবং তার চিকিৎসাবাবদ ৩ লাখ ৪০ হাজার টাকা দিয়েছিল গ্রিন লাইন কর্তৃপক্ষ। সূত্র: প্রথম আলো

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.