সিলেটটুডে ডেস্ক | ১০ অক্টোবর, ২০২১
সাড়ে ৪ ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। রোববার (১০ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটের পর পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে ইন্টারলিংক এ্যাপারেল্স লিমিটেড কারখানার শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।
কারখানা বন্ধ করার প্রতিবাদে সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, ইন্টারলিংক এ্যাপারেলস্ লিমিটেড কারখানার শ্রমিকেরা শনিবার (৯ অক্টোবর) রাতেও কাজ করেছেন। রোববার (১০ অক্টোবর) সকালে বেতন দেওয়ার কথা ছিল। তারা প্রতিদিনের মতো সকালে কারখানায় কাজ করতে গিয়ে দেখতে পান নোটিশ ঝুলানো। ওই নোটিশে লেখা কারখানা বন্ধ থাকবে ২৪ অক্টোবর পর্যন্ত। হঠাৎ কারণ ছাড়া কারখানা বন্ধ করে দেওয়ায় বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করেন তারা। এক পর্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
পরে গাজীপুর জেলা পুলিশ, শিল্প পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলেন। পরে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ তাদেরকে আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানের ভেতরে নিয়ে যান। আইনশৃঙ্খলা কর্মকর্তাদের মধ্যস্থতায় মালিক ও শ্রমিকদের মধ্যে আলোচনা হয়েছে।
কারখানার শ্রমিক সাইদুর রহমান বলেন, প্রতি মাসেই বেতন দিতে সমস্যা করে। আজ বেতন দেওয়ার কথা থাকলেও তারা বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেয়। এছাড়াও যাদের চাকরির বয়স ১ বছরের কম, সেই সব শ্রমিকদের বিনা কারণে ছাটাই করছে। আমাদের দাবি ও চাহিদা পূরণ না হলে আমরা আবারও আন্দোলন করবো।