Sylhet Today 24 PRINT

কক্সবাজারে সেনা মহড়ায় গোলা বিস্ফোরণে নিহত ১

নিউজ ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৫

কক্সবাজারে সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় গোলা বিস্ফোরণে এক সেনা সদস্য নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় উখিয়া উপজেলার মনখালীর পাহাড়ি এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে বলে রামু সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “মনখালীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া চলছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবিধ্বংসী কামানের গোলা ভরার সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং তিনজন আহত হন।”

নিহত ইব্রাহিম খলিল রিপন (৩১) সিপাহী।

এ ঘটনায় আহত ল্যান্স করপোরাল রাসেল হাবিব, সার্জেন্ট হুমায়ুন ও সিপাহী হাবিবুর রহমানকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাতে সেখান থেকে তাদের হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে ল্যান্স কর্পোরাল রাসেল হাবিবের অবস্থা আশঙ্কাজনক বলে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক ওয়াহিদুজ্জামান মুরাদ জানিয়েছেন।

হতাহত সেনা সদস্যরা সবাই রামু সেনানিবাসে কর্মরত ছিলেন।

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে বলে ব্রিগেডিয়ার গোলাম ফারুক জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.