Sylhet Today 24 PRINT

অর্থ আত্মসাত, সাবেক যুগ্ম সচিবের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটটুডে ডেস্ক: |  ১০ অক্টোবর, ২০২১

ছবি: সংগৃহীত

ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারের পৌনে ২ কোটি টাকা তুলে আত্মসাতের অভিযোগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের সাবেক পরিচালক ও লাইন ডাইরেক্টের ড. আশরাফুন্নেছার বিরুদ্ধে মামলা করেছে ‍দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে জাল ভাউচার দেখিয়ে কেনাকাটার পৌনে দুই কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় মামলাটি দায়ের করা হয়েছে।

রবিবার (১০ অক্টোবর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ সংস্থাটির উপপরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের মে মাস থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক পদে কর্মরত ছিলেন ড. আশরাফুন্নেছা। এ সময়জুড়ে ক্ষমতার অপব্যবহার করে বাজারদরের চেয়ে বেশি দামে জিনিসপত্র ক্রয় করেন এবং জাল বিলের মাধ্যমে সরকারি টাকা উত্তোলন করেন। মোট ১ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৭৫২ টাকার আত্মসাত করে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।

তবে দুদকের দায়ের করা এ মামলায় ড. আশরাফুন্নেছা ছাড়া অন্য কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। তবে তদন্ত চলাকালে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে আসামি করা হবে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.