Sylhet Today 24 PRINT

রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলে বুস্টার ডোজের পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক |  ১২ অক্টোবর, ২০২১

করোনাভাইরাস মহামারী ঠেকাতে বিশ্বে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ ইতোমধ্যে বুস্টার ডোজও দেওয়া শুরু করেছে।

এবার যেসব মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের টিকার বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গতকাল সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের কভিডের অতিরিক্ত একটি করে টিকা দেওয়া হোক।

ফাইজার-বায়োএনটেক, মডার্না, সিনোফার্ম, সিনোভ্যাক এবং অ্যাস্ট্রাজেনেকার মতো বেশ কয়েকটি টিকাকে ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই টিকা পাওয়াদের মধ্যে যাদের শরীরের প্রতিরোধ ব্যবস্থা কম, তাদেরই কেবল অতিরিক্ত টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হয়েছিল। স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্টস, অন ইনফরমেশন (সেজ) নামের ওই কমিটি গত সপ্তাহে চার দিন ধরে বৈঠক করেছে। সেখানেই বিভিন্ন কভিড টিকার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

চীনের তৈরি টিকা সিনোফার্ম এবং সিনোভ্যাক নেওয়া ব্যক্তি যাদের বয়স ৬০ বছরের বেশি, তাদের তৃতীয় টিকা দেওয়ারও কথা বলেছে এই কমিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.