Sylhet Today 24 PRINT

দুদক কমিশনারদের জবাবদিহির ধারা বাতিলের রায় বহাল

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনারদের জবাবদিহির ধারা বাতিলে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আদেশে বলেন ‘নো অর্ডার’ মানে হাইকোর্টের দেয়া রায় বহাল।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল হোসেন। পরে তিনি আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘এই আদেশের ফলে এখন হাইকোর্টের রায়ই বহাল থাকল।’

দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। আর দুদক কমিশনারের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

আপিল বিভাগের এ আদেশের পর খুরশীদ আলম বলেন সাংবাদিকদের বলেন, ‘আমরা এ রায়ের কপি হাতে পাওয়ার পর নিয়মিত লিভ টু আপিল দায়ের করব।

২০০৪ সালর দুর্নীতি দমন কমিশন আইনের ১২ (২) ধারায় বলা হয়, “চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে অন্যান্য কমিশনারগণ তাহাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং সেইরূপ দায়িত্ব পালনের ক্ষেত্রে চেয়ারম্যানের নিকট কমিশনারগণের জবাবদিহি থাকবে।”

ওই ধারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামাল হোসেন চলতি বছরের জুনে এই রিট আবেদন করেন। এরপর প্রাথমিক শুনানি নিয়ে ১৪ জুন হাই কোর্ট রুল দেয়।

দুদক আইনের ১২ (২) ধারা স্বাধীন দুর্নীতি দমন কমিশনের মৌলিক নীতি ও আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় কেন তা বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

ওই রুলের উপর শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ গত ১৯ নভেম্বর রায় দেয়।

জবাবদিহির বাধ্যবাধকতা সংক্রান্ত আইনের ১২(২) ধারা স্বাধীন দুর্নীতি দমন কমিশনের মৌলিক নীতি ও আইনের তিনটি ধারার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ঘোষণা করে তা বাতিল করা হয় রায়ে।

দুদক চেয়ারম্যান ওই রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে গেলে গত ২৩ নভেম্বর বিচারক তা শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। তারই ধারাবাহিকতায় রোববার বিষয়টি আপিল বিভাগে ওঠে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.