Sylhet Today 24 PRINT

ফেসবুক কবে খুলছে এমন প্রশ্ন তারানা হালিমকে ‘আহত’ করে

সিলেটটুডে ডেস্ক |  ২৯ নভেম্বর, ২০১৫

ফেসবুক কবে খুলে দেওয়া হবে এমন প্রশ্ন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে ‘আহত’ করে বলে জানিয়েছেন।

রবিবার (২৯ নভেম্বর) সকালে সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অনুষ্ঠিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের অবস্থানের কথা উল্লেখ করেন তিনি।

কবে নাগাদ ফেসবুক খুলে দেওয়া হবে- প্রশ্নে তারানা হালিম বলেন, এই কথাগুলো আমাকে আহত করে। এখানে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন মনে করবে এখন নিরাপদ, তখন খুলে দেওয়া হবে। যখন আইন-শৃঙ্খলা বাহিনী মনে করবে, তখনই খুলে দেওয়া হবে।

তারানা হালিম বলেন, ফেসবুক হান্ড্রেড পার্সেন্ট বন্ধ করা সম্ভব নয়। ইন্টারনেট যতক্ষণ না সম্পূর্ণ শাটডাউন করেন। সেটা আমরা করতে চাই না। আমরা ইন্টারনেট শাটডাউন করবো না।

সবারই সীমাবদ্ধতা থাকে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রযুক্তি দিয়ে প্রযুক্তির মোকাবেলা করছি। কিন্তু কেউ যদি বলেন, একশ’ ভাগ এটি (ফেসবুক ব্যবহার) সম্ভব, আমি অনুরোধ করবো একশ’ ভাগ কীভাবে সম্ভব আমাকে একটু জানিয়ে যান। তাহলে তিনি একজন অত্যন্ত স্বনামধন্য উদ্ভাবক হিসেবে পুরস্কারও পেতে পারেন। পৃথিবীর কোথাও ইন্টারনেট শাটডাউন ছাড়া ফেসবুক বন্ধ রাখা কোনো প্রযুক্তিবিদ বলতে পারেননি।

বিকল্প পথে দীর্ঘদিন ব্যবহার করা যাবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ব্যান্ডউইথ ক্যাপাসিটি কম হলে ব্যবহার করতে পারবেন না। নাশকতাকারীরা ব্যবহার করলেও দ্রুত ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন না বলে দাবি করেন প্রতিমন্ত্রী।

এদিকে, একই অনুষ্ঠানে বিকল্প পন্থায় ফেসবুক ব্যবহারকারীরা গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী।

তিনি বলেন, বিকল্প পন্থায় যারা ফেসবুক ব্যবহার করছেন তারা গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছেন। তাদের সবাইকে না ধরা হলেও, যাদেরকে ধরার তাদেরকেই ধরা হচ্ছে। এ

গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরই ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুলে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য দিয়ে ফেসবুক বন্ধ থাকায় অনেক নাশকতা কমেছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.