সিলেটটুডে ডেস্ক | ২৩ অক্টোবর, ২০২১
কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালসহ চারজনকে সাত দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বেগম মিথিলা জাহান নিপা শনিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এম তানভীর আহমেদ।
এর আগে কড়া নিরাপত্তায় দুপুর ১২টার দিকে ইকবাল হোসেন, মাজারের সহকারী খাদেম হুমায়ুন আহমেদ, ফয়সাল ও ইকরাম হোসেনকে আদালতে তোলা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ বলেন, আসামিদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে বিচারক ৭ দিনের হেফাজতে পাঠান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মণ্ডপ এলাকার সহিংসতার সময়ও ইকবাল সেখানে উপস্থিত ছিলেন। তার পেছনে আর কে আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
ইকবালের কক্সবাজার যাওয়ার প্রসঙ্গে এএসপি বলেন, ইকবাল প্রথমে কুমিল্লা থেকে ট্রেনে করে চট্টগ্রাম পৌঁছান। সেখান থেকে বিভিন্ন বাহনে করে কক্সবাজার যান। তবে ইকবাল ঠিক কবে কুমিল্লা ছাড়েন তা নিশ্চিত হওয়া যায়নি। সহিংসতার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি কুমিল্লা ছাড়েন বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর তাকে কুমিল্লায় নিয়ে আসা হয়।