Sylhet Today 24 PRINT

হনুমানের হাতের গদাটি পুকুরে ফেলে দেন ইকবাল: পুলিশ

সিলেটটুডে ডেস্ক |  ২৩ অক্টোবর, ২০২১

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখায় প্রধান অভিয়ুক্ত ইকবাল হোসেন মণ্ডপের হনুমানের হাতের গদাটি এলাকার একটি পুকুরে ফেলে দেন বলে জানিয়েছে পুলিশ।

ইকবালকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ।

কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ শনিবার বলেন, ‘ইকবাল মণ্ডপে কোরআন রাখার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ মামলার চার আসামিকেই রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।’

তিনি বলেন, ‘মণ্ডপে কোরআন রাখার পর হনুমানের গদা নিয়ে ইকবালের চলে যাওয়ার দৃশ্য এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ইকবাল গদাটি পরে একটি পুকুরে ফেলে দেন।’

তবে পুকুরটির অবস্থান সুনির্দিষ্ট করে জানাননি তানভীর আহমেদ।

এক প্রশ্নের জবাবে দিনি বলেন, ‘ইকবাল কোরআন রাখার পর মণ্ডপে সহিংসতার সময়েও সেখানে উপস্থিত ছিলেন। তার পিছনে আরও কারা আছে, আমরা খতিয়ে দেখছি।’

তিনি বলেন, ‘সহিংসতার পর ইকবাল প্রথমে কুমিল্লা থেকে ট্রেনে করে চট্টগ্রাম পৌঁছান। সেখান থেকে বিভিন্ন বাহনে করে কক্সবাজারে যান।’

প্রসঙ্গত, দুর্গাপূজায় সারা দেশে উৎসবমুখর পরিবেশের মধ্যে গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের ওই মণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার পর ছড়িয়ে পড়ে সহিংসতা। ওই মণ্ডপের পাশাপাশি আক্রান্ত হয় নগরীর আরও বেশ কিছু পূজামণ্ডপ। পরে সহিংসতা ছড়িয়ে পড়ে চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের যে অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়া যায়, সেখানে শুরুতে প্রবেশে ব্যর্থ হয়েছিলেন প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন। এরপর তিনি গিয়েছিলেন ওই মণ্ডপ থেকে কিছুটা দূরে দিগম্বরীতলার গুপ্ত জগন্নাথ মন্দিরে।

মন্দিরটির গেটের তালা লাঠি দিয়ে ভাঙতে ব্যর্থ হন ইকবাল। এরপর আবার ফিরে আসেন নানুয়ার দিঘির পাড়ের পূজামণ্ডপে। এ সময় পূজাসংশ্লিষ্টদের অনুপস্থিতির সুযোগ নিয়ে তিনি কোরআন শরিফটি হনুমানের ওপর রাখেন। মসজিদ থেকে বের হওয়ার প্রায় এক ঘণ্টা পর কোরআন রেখে হনুমানের গদা হাতে ফিরে আসেন ইকবাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.