Sylhet Today 24 PRINT

ছাপা পত্রিকার অনলাইন সংস্করণ নিবন্ধনের বাইরে রাখার দাবি সম্পাদক পরিষদের

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৫

ছাপা পত্রিকার অনলাইন সংস্করণ নিবন্ধনের বাইরে রাখার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।

রোববার (২৯ নভেম্বর) সম্পাদক পরিষদের এক বিবৃতিতে বলা হয়, তথ্য অধিদপ্তর গত ৯ নভেম্বর থেকে অনলাইন গণমাধ্যমের নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। এর আওতায় ছাপা সংবাদপত্রগুলোরও অনলাইন সংস্করণের নিবন্ধন করতে হবে বলে বলা হয়েছে। আমরা মনে করি, এটা যুক্তিসঙ্গত নয়। কারণ, ছাপা সংবাদপত্রগুলো ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা আইনের (ঘোষণা ও নিবন্ধন) অধীনে ইতিমধ্যে নিবন্ধিত। ওই আইনে বর্ণিত সকল শর্ত পূরণ করেই সেগুলো ঘোষণাপ্রাপ্ত ও নিবন্ধিত হয়েছে এবং ওই আইনের দ্বারা পরিচালিত হচ্ছে। প্রকাশনা ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের বৈশ্বিক প্রেক্ষাপটে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ছাপা সংবাদপত্রগুলোর অনলাইন সংস্করণ প্রকাশিত হচ্ছে। দেশের ভেতরে ও সারাবিশ্বে ছড়িয়ে থাকা বিপুলসংখ্যক বাঙালি অনলাইন সংস্করণগুলোর মাধ্যমে অতিদ্রুত স্বদেশের খবরাখবর পাচ্ছেন। তাই এই প্রতিষ্ঠিত ও পরীক্ষিত ছাপা সংবাদপত্রগুলোর অনলাইন সংস্করণের নিবন্ধনের উদ্যোগ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।

বিবৃতিতে বলা হয়, ছাপা সংবাদপত্রগুলোর অনলাইন সংস্করণকে অনলাইন গণমাধ্যমের নিবন্ধন-প্রক্রিয়ার বাইরে রাখা উচিত। এগুলো মূল পত্রিকার অবিচ্ছেদ্য অংশ হিসেবে ছাপাখানা ও প্রকাশনা আইনের আওতায় পরিচালিত হওয়াই যুক্তিসঙ্গত।

বিবৃতিতে স্বাক্ষর করেন সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক মাহফুজ আনাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.